ঘূর্ণিঝড়ের প্রভাবে চাঁদপুরে ফসলের ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে অতিরিক্ত বৃষ্টির কারণে চাঁদপুরের আটু উপজেলায় চলতি মৌসুমে মাঠে থাকা ৮ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৮৬৩ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ হাজার ৬১০ জন কৃষক। গত ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চাঁদপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত ছিল।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র দাস বলেন, চলতি মৌসুমে মাঠে থাকা ফসলের মধ্যে ঘূর্ণিঝড়ে রোপা আমন ২০০ হেক্টর, সরিষা ১৫১ হেক্টর, খেসারি ১০ হেক্টর, আলু ৫০ হেক্টর, চীনা বাদাম ১০ হেক্টর, শীতকালীন শাকসবজি ৬৩০ হেক্টরসহ মোট ১ হাজার ৫১ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। যা টাকার অংকে ৮ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৮৬৩ টাকা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে ঘূর্ণিঝড়ে ক্ষতির প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই প্রতিবেদন জেলা প্রশাসক ও আমাদের কৃষি বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে পাঠিয়েছি। সরকারি বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।