এমার্জিং এশিয়া কাপ

ভারতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

ইন্দোরে টেস্টে ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। যদিও, দেশের মাটিতে চলমান এমার্জিং এশিয়া কাপে ঠিকই ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ। সেটাও আবার বিশাল ব্যবধানে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলকে ছয় উইকেটের বড়ো ব্যবধানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল।

‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক আবারও সৌম্য। ব্যাটিং ও বোলিং— দুটি বিভাগেই আলো ছড়িয়েছেন তিনি। অধিনায়ক নাজমুল হাসান শান্তর কথাও আলাদা করে বলতে হয়। তার ৯৪ রানের ইনিংসের সুবাদেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

সফরকারীরা বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে অলআউট হওয়ার আগে করেছিল ২৪৬ রান। জবাবে ৪৭ বল বাকি থাকতেই জিতে যায় বাংলাদেশ। টানা দুই জয়ে বাংলাদেশ এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকং জাতীয় দলের বিপক্ষে ৯ উইকেটের বড়ো জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল, ১৮ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেএসপির চার নম্বর মাঠে। ম্যাচটা জিতলেই বাংলাদেশ হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

ভারতের হয়ে সর্বোচ্চ ১০৪ রান করেন আরমান জাফর। তার ৯৮ বলের ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। মজার ব্যাপার হলো তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাকাডেমির কোচ ও সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের আপন ভাতিজা। এর বাদে বিনায়ক গুপ্ত ৪০ ও আরিয়ান জুয়াল করেন ৩৭ রান।

বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পান ডান হাতি পেসার সুমন খান। এছাড়া দুটি করে উইকেট নেন তানভির ইসলাম ও সৌম্য সরকার। জবাব দিতে নেমে বাংলাদেশের টপ অর্ডার ও মিডল অর্ডার দায়িত্বশীল ব্যাটিং করেছে। ওপেনার সৌম্য সরকার এদিনও ছিলেন দারুণ ফরমে। এবার তিনি করেন ৭৩ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য ও শান্ত মিলে করেন ১৪৪ রান। আফিফ হোসেন ধ্রুব ৩৪ রানে অপরাজিত ছিলেন। জয় নিশ্চিত করে তবেই তিনি মাঠ ছাড়েন।

‘বি’ গ্রুপে দিনের ওপর খেলায় নিজেদের প্রথম জয় পেয়েছে নেপাল জাতীয় দল। তারা গতকাল ৪০ রানে হারায় হংকংয়ে। টানা দুই হারে সেমিফাইনালের আগেই ছিটকে গেছে হংকং। শেষ ম্যাচে আগামীকাল হংকংয়ের প্রতিপক্ষ ভারত। এই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগ পাবে ভারত।

এদিকে, ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান জিতেছে ৯০ রানের বিশাল ব্যবধানে। টানা দ্বিতীয় হার নিয়ে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেল লঙ্কানরা। অন্যদিকে টানা দ্বিতীয় জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল পাকিস্তান। শেষ ম্যাচে আগামীকাল তাদের মোকাবিলা করতে হবে ওমান জাতীয় দলের বিপক্ষে।

অন্যদিকে আগামীকাল শ্রীলঙ্কার মোকাবিলা আফগানিস্তানের সঙ্গে। আফগানিস্তান গতকাল ৯ উইকেটে হারিয়েছে ওমানকে। ফলে, শেষ ম্যাচ জিতলেই চলে যাবে সেমিফাইনালে। তবে, সুযোগ আছে ওমানেরও। সেজন্য হারাতে হবে বড়ো দল পাকিস্তানকে।

সংক্ষিপ্ত স্কোর

ভেন্যু :বিকেএসপি ৩

টস :বাংলাদেশ অনূর্ধ্ব ২৩

ভারত অনূর্ধ্ব ২৩ : ৫০ ওভারে ২৪৬ অল আউট (আরমান ১০৫, বিনায়ক ৪০, আরিয়ান ৩৭; সুমন ৪/৬৪, তানভির ২/৩৮, সৌম্য ২/৫৩)

বাংলাদেশ :৪২.১ ওভারে ২৫০/৪ ( শান্ত ৯৪, সৌম্য ৭৩, আফিফ ৩৪, ইয়াসির ২১; রাঠোর ১/১৬)

ফলাফল :বাংলাদেশ ছয় উইকেটে জয়ী।

ম্যাচ সেরা :নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ অনূর্ধ্ব ২৩)