লিওনেল মেসির একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার পরাজয়টির শোধ নিল আর্জেন্টিনা। তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে সৌদি আরবের মাঠে গত শুক্রবার রাতেই প্রথম জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন অধিনায়ক মেসি। মেসি ত্রয়োদশ মিনিটে যে পেনাল্টি নেন তা ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার রক্ষা করলেও ফিরতি বলেই তা থেকে গোল করেন ফিফার বর্ষসেরা এই ফুটবলার। আর্জেন্টিনার হয়ে এটি তার ৬৯তম গোল। লিভারপুল প্রহরী অ্যালিসন নৈপুণ্য জ্বলে না উঠলে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলাটিতে আরো বড়ো ব্যবধানে জিততে পারত।
বার্সেলোনা তারকা ৭ জুলাই চিলির বিরুদ্ধে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বহিষ্কৃত হওয়ার পর দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করে তিন মাসের নিষেধাজ্ঞায় পড়েছিলেন। আর্জেন্টিনার হয়ে ফিরেই গোল করে দলকে জেতালেন মেসি।
ব্রাজিলের হয়ে গ্যাব্রিয়েল জেসাস অবশ্য মেসিরও আগে পেনাল্টি পেয়েছিলেন। কিন্তু ম্যানচেষ্টার সিটির এই স্ট্রাইকার তা থেকে গোল করতে ব্যর্থ হন। ফলে গত জুলাইয়েই কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারানো ব্রাজিল এদিন পরাজয় মেনে নিতে বাধ্য হয়।
গত শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মূল তারকা নেইমার ছিলেন না। ব্রাজিল অবশ্য তাকে ছাড়াই কোপা আমেরিকার শিরোপা জিতেছিল। তবে কোচ তিতের দল দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হওয়ার পর এ নিয়ে পাঁচ খেলায় জিততে ব্যর্থ হলো। উভয় দলে বিশ্বের সেরা কজন ফুটবলার থাকলেও তারা প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেননি। ব্রাজিল আর্জেন্টিনার পেনাল্টিতে গোল ব্যর্থতা, কিংবা আক্রমণভাগের খেলোয়াড়দের গোল করতে না পারা এর উদাহরণ। তারপরও মাঠের খেলায় আর্জেন্টিনাই ছিল এগিয়ে। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা আলবিসেলেস্তেরা ব্রাজিল রক্ষণে চাপ বাড়ায় দ্বিতীয়ার্ধে। শেষদিকে লাউতারো মার্টিনেজের শট কিংবা মেসির বাড়ানো বলে নিকলাস ওটামেন্ডির হেড লক্ষ্যভ্রষ্ট না হলে ব্যবধানটা আরো বড়ো হতেই পারত।
গোলসংখ্যা ম্যাচটিতে আর্জেন্টিনার দাপট মোটেও ফুটিয়ে তুলতে পারছে না। এদিন গোলপানে লিওনেল মেসিরা ১৪টি আক্রমণ গড়েন। এর মধ্যে আটটি প্রয়াস গিয়ে রুখেছে গোলমুখে। বিপরীতে গোলপানে ব্রাজিলের শট ছিল কেবল একটি। শেষদিকে গোলরক্ষক অ্যালিসন একাই যেন রুখে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ডদের। বিশেষ করে মেসির দুটি শট।
আর্জেন্টিনা দল আগামী সোমবার ইসরাইলের তেলআবিবে উরুগুয়ের বিরুদ্ধে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা। তবে ইসরাইলে চলমান সহিংসতার কারণে খেলাটি বাতিল হয়ে যেতে পারে। অপরদিকে ব্রাজিল আগামী মঙ্গলবার আবুধাবিতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে।