কোপা আমেরিকা পুনরুদ্ধারের পর থেকে যেন উলটোরথে চড়ে বসেছে ব্রাজিল। টানা চার ম্যাচে জয়হীন থেকে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল তিতের শিষ্যরা। কিন্তু সেখানেও হারের বিস্বাদ পাওয়ায় টানা পঞ্চম ম্যাচে জয়শূন্য রইল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা। এ হার দলের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে, মত ব্রাজিল কোচ তিতের।
অথচ টানা চার ম্যাচে জয়শূন্য যাত্রাটা শেষ করার দারুণ সুযোগ শুরুতেই পেয়ে বসেছিল সেলেসাওরা। কিন্তু গ্যাব্রিয়েল জেসাসের পেনাল্টি-ব্যর্থতায় সেটা কাজে লাগাতে পারেনি তারা। এরপরই লিওনেল মেসির গোল। এরপর আর আর্জেন্টিনা গোলরক্ষককে তেমন বিপাকে ফেলতে পারেননি রবার্তো ফিরমিনো-জেসাসরা।
টানা পঞ্চম ম্যাচে জয়হীনতার ফলে চাপ বেড়েছে দলের ওপর, অকপটে মেনে নিলেন তিতে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, ফলাফলেরও প্রয়োজন আছে। কিছু কিছু সময়ে আমাদের ওপর অনেক চাপ চড়ে বসে, এটা তার মধ্যে অন্যতম। আমাদের কিছুটা সতর্ক হতে হবে। কিন্তু ফলাফল কিছু কিছু সময়ে দরকার হয়। এমনকি প্রস্তুতি নেওয়ার সময়েও।’
শেষ পাঁচ ম্যাচে ব্রাজিল প্রতিপক্ষের জালে জড়িয়েছে মোটে চার গোল। আক্রমণভাগের এমন ব্যর্থতাকেও কাঠগড়ায় দাঁড় করালেন তিতে। তিনি বলেন, ‘সুযোগগুলোকে গোলে পরিণত করাটা গুরুত্বপূর্ণ। আমি পেনাল্টির কথাও বলছি।’
আর্জেন্টিনার কাছে হারের পর দুর্বল রেফারিংকেও দুষলেন তিতে। ব্রাজিলের বিপরীতে দেওয়া পেনাল্টি নিয়ে তার মত, ‘সেটার ব্যাপারে কথা উঠছে যে সেখানে পেনাল্টি প্রাপ্য ছিল না তাদের। আমার মতেও এটি পেনাল্টি নয়।’