কুষ্টিয়ায় চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৪ থেকে ৬ টাকা

কুষ্টিয়ায় খাজানগর মোকামে চালের পাইকারি ও খুচরা দাম বেড়েছে। মোকামে দর বৃদ্ধির ফলে খুচরা বাজারে চালের দাম কেজিপ্রতি বেড়েছে ৪ থেকে ৬ টাকা। গত এক সপ্তাহ যাবত হঠাত্ মোকাম ও খুচরা বাজারে চালের দর ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছে ভোক্তা-সাধারণ। চাল বাজারের ঊর্ধ্বগতির এ লাগাম এখনই টেনে ধরতে সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানান এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, ধান-চালের বৃহত্তম মোকাম কুষ্টিয়ার খাজানগরে গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি দর ৫০ কেজির বস্তাপ্রতি ২০০ টাকা বেড়েছে। ফলে খুচরা বাজারেও পড়ছে বিরুপ প্রভাব। আগে খুচরা বাজারে মিনিকেট সরু চালের দর ছিল কেজিপ্রতি ৪০/৪২ টাকা কিন্তু এখন তা বিক্রি হচ্ছে ৪৬ টাকা দরে। এছাড়া ৩৫ টাকা দরের কাজললতা ৪০ টাকা, ৩৪ টাকা দরের স্বর্ণা ৩৮ টাকা ও মোটা জাতের ২২ টাকা দরের চাল এখন বিক্রি হচ্ছে ২৮/৩০ টাকা দরে। চালের বাজার দরের হঠাত্ ঊর্ধ্বগতির পিছনে মোকাম ও মিল মালিকদের কারসাজি রয়েছে বলে অভিযোগ ভোক্তাদের।

চালকল মালিকরা জানান, ৩১ অক্টোবর সরকারিভাবে আমন মৌসুমে ধানের দাম কেজিপ্রতি ২৬ টাকা ধার্য করায় বাজারে ধানের দাম বেড়েছে। মণপ্রতি ধানের দাম ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ধানের দাম যে হারে বেড়েছে, চালের দাম সে তুলনায় খুব বেশি বাড়েনি বলেও চালকল মালিকরা দাবি করেন।