নিখোঁজের দুই দিন পর ফরিদপুর মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী নয়ন চন্দ্রনাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরে শহর বাইপাস সড়কের একটি স মিলে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল তার লাশ। গতকাল শনিবার স্থানীয় ব্যক্তিরা বিষয়টি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নয়নের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর এলাকায়। তার বাবার নাম মৃত দিলীপ চন্দ্রনাথ।
নয়নের বন্ধুরা জানান, বেশ কিছুদিন ধরে নয়ন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার ইচ্ছা ছিল একজন সার্জন হওয়ার; কিন্তু তিনি জানতে পারেন আঙুলে সমস্যা থাকার কারণে সার্জন হতে পারছেন না। এটা জানার পর থেকেই মূলত নয়ন বিপর্যস্ত হয়ে পড়েন।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে থ্রি-কোয়ার্টার প্যান্ট ও টিশার্ট পরে ছাত্রাবাস থেকে বের হন নয়ন। এ সময় তিনি তার মোবাইল ফোন ও মানিব্যাগ রুমে রেখে যান। সেদিন তার একটি পরীক্ষা ছিল।
ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম জানান, ছেলেটা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ময়নাতদন্ত শেষে বলতে পারব তার মৃত্যুর কারণ।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।