নবদম্পতিকে পেঁয়াজ উপহার

পেঁয়াজের ঝাঁজ নিয়ে সারাদেশে যখন হৈইচৈই ঠিক তখনই কুমিল্লায় একটি বিয়ের বৌভাত অনুষ্ঠানে নবদম্পতিকে শুভেচ্ছা উপহার হিসেবে পেঁয়াজ দেওয়া হয়েছে। প্রতিদিন দাম বাড়তে থাকায় রান্নাঘরের এ অপরিহার্য পণ্যটি এখন ‘টক অব দ্য কান্ট্রি’। শেষ পর্যন্ত এটি আলোচনার ঝড় তুলল বিয়ের অনুষ্ঠানেও। শুক্রবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কালখাড়পাড় এলাকায় রিপন মিয়ার বাড়িতে ব্যতিক্রমী এ উপহার দেওয়া হয়। বিয়েতে পেঁয়াজ উপহার দেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও ও বেশ কয়েকটি স্থির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিয়ে বাড়িতে আগত অতিথি ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর বিদ্যুত্ বিভাগের কর্মচারী আদর্শ সদর উপজেলার কালখাড়পাড় এলাকার হাজি আবদুর রহিমের ছেলে ইমদাদুল হক রিপনের বিয়ে হয়। গত শুক্রবার তার বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে রিপনের তিন বন্ধু সহিদ, শিপন ও শাহজাহান বাজার থেকে ১ হাজার টাকায় পাঁচ কেজি পেঁয়াজ কিনে উপহার মোড়ানো সুদৃশ পেপারে মুড়ে ঐ বাড়িতে দাওয়াত খেতে যান। বিশেষ প্রক্রিয়ায় র্যাপিং করা ঐ বাক্সের বাহির থেকে পেঁয়াজ দেখার ব্যবস্থাও ছিল। তাই আমন্ত্রিত অতিথিদের কৌতূহলী দৃষ্টিও ছিল বাক্সটির দিকে। অনেকে মোবাইলে ব্যতিক্রমী ঐ উপহারের ছবি তুলতে শুরু করেন। বিকালে গিফট প্যাকেট খোলার পর অনুষ্ঠানে আসা অতিথিদের মাঝে বেশ হাস্যরসের সৃষ্টি হয়।

বর রিপন সাংবাদিকদের বলেন, বর্তমানে পেঁয়াজ খুব মূল্যবান জিনিস। বন্ধুদের দেওয়া এ উপহার আমার নিকট স্মরণীয় হয়ে থাকবে। তাদের এ উপহার রসিকতা না হয়ে ঘণ্টায় ঘণ্টায় মূল্য বৃদ্ধির ‘নীরব প্রতিবাদ’ও হতে পারে।