সিটি করপোরেশনের অনুষ্ঠানে হাজী সেলিম এমপির হট্টগোল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) লালবাগ এলাকায় শহিদ হাজী আবদুল আলীম খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের ডিজিটাল বোর্ডে স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমের নাম না থাকায় তিনি তার সমর্থকদের নিয়ে অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি করেন। একপর্যায়ে তিনি নিজেই মঞ্চে ওঠে মাইক ফেলে দেন। বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাঠের ভেতরে বড়ো মঞ্চ নির্মাণ করা হয়। যেখানে পেছনে এলইডি স্ক্রিন বসিয়ে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। পরে হাজী মোহাম্মদ সেলিম মাঠের ভেতরে প্রবেশ করে মঞ্চে এলইডি স্ক্রিনে তার ছবি ও নাম না দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে অনুষ্ঠানে আসা ব্যক্তিরা তার এই আচরণের কারণ জানতে চাইলে হাজী সেলিমের অনুসারীরা বলেন, এই এলাকার সংসদ সদস্য হিসেবে হাজী সেলিমকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। এ অনুষ্ঠান বন্ধ থাকবে। যথাযথ সম্মান না দেওয়ার পেছনে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমানকে দায়ী করেন হাজী সেলিমের অনুসারীরা। একপর্যায়ে তারা হাসিবুরের দিকে তেড়ে আসেন, তার গায়ে হাত তোলেন। সিটি করপোরেশনের কয়েক জন কর্মকর্তাকেও তারা ধাক্কা দেন। এতে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। পরে মেয়র সাঈদ খোকনের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের পরে অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, বেদখল হয়ে যাওয়া ও নানা অসামাজিক কার্যকলাপ, ভবঘুরে ও সন্ত্রাসী কার্যক্রমের আখড়ায় পরিণত হওয়া ৩১টি পার্ক ও খেলার মাঠকে দখলমুক্ত করে বিশ্বমানের আদলে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে জল সবুজে ঢাকা প্রকল্প গ্রহণের মাধ্যমে আমরা কাজ শুরু করেছি। সে প্রকল্পের অংশ হিসেবেই বিশ্বমানের করে আজকের খেলার মাঠের উদ্বোধন করা হলো।