শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ হেমাটোলজি কনফারেন্স

দেশে ৪র্থ বারের মতো শুরু হয়েছে ‘বাংলাদেশ হেমাটোলজি কনফারেন্স-২০১৯’। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

গতকাল শনিবার সকালে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে এই সম্মেলন শুরু হয়। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করে। এতে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন হেমাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান।

সম্মেলনে রক্তরোগ বিষয়ের বিভিন্ন শাখায় চিকিত্সা ক্ষেত্রে দেশে ও বিদেশে সর্বশেষ চিকিত্সা পদ্ধতির উদ্ভাবন ও তার প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ব্লাড ক্যানসার, লিম্ফোমা ও এ সম্পর্কিত রোগের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তার সমাধান বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে রক্তরোগের পরীক্ষা ও চিকিত্সার বর্তমান চিত্র ও এবং তার উন্নতির উপায় তুলে ধরা হয়। মোট ১২টি অধিবেশনে বাংলাদেশের ২৩ জনসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, ভারত ও ইরানের ১২ জন রক্তরোগ বিশেষজ্ঞ চিকিত্সক উল্লিখিত বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।