দেশ স্বাধীন হয়েছে ভেদাভেদের বিরুদ্ধে সংগ্রাম শেষ হয়নি ------- জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, স্বাধীনতা সংগ্রাম শেষ হয়েছে; কিন্তু মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বধীন হয়েছে; কিন্তু এখনো দারিদ্র্য, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার ও মানুষে-মানুষে ভেদাভেদের বিরুদ্ধে সংগ্রাম শেষ হয়নি। এই মুক্তিসংগ্রামে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল শনিবার জাপা চেয়ারম্যান তার বনানী কার্যালয়ের মিলনায়তনে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জি এম কাদের বলেন, এরশাদ শুধু মুখেই মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলেননি, প্রতিটি কাজে তা প্রমাণও করেছেন। তিনি সম্মানিত করেছেন মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধাদের জন্য অফিস ও ভাতার ব্যবস্থা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়ার সেই ধারাকে আরো সমৃদ্ধ করেছেন। এজন্য প্রধানমন্ত্রীকে জাপার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির আহ্বায়ক জাফর উল্লাহ মজুমদার আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসহাক ভুঁইয়ার পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন এবং ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান ও জহিরুল আলম প্রমুখ।