অটো ছিনতাই করে চালককে হত্যা গ্রেফতার তিন বন্ধু

রূপগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করে চালক মাওলাকে (১৬) হত্যা করেছে তার বন্ধুরা। আর হত্যার পর লাশ পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ১৬ নম্বর একটি নির্জন প্লটের বাউন্ডারীর ভেতরে লুকিয়ে রাখে। এ ঘটনায় গত বৃহস্পতিবার একটি নিখোঁজ ডায়েরি করেন মাওলার বাবা এখলাস আলী। জিডির সূত্র ধরেই দারোগা নাজিম উদ্দিন বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন পাইস্কা এলাকার ছানাউল্ল­াহর ছেলে কাউসার ও মান্নানের ছেলে সবুজ এবং তারৈলের মানিকের ছেলে নাসিম।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হাসান জানান, মালিকসহ অটো ছিনতাইয়ের ঘটনায় কাউসার, তারৈল ও সবুজকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। আসামিদের স্বীকারোক্তিতে পূর্বাচলের ১০ নম্বর সেক্টর থেকে মাওলার লাশ উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করে আরো কোনো বিষয় থাকলে তা উদ্ঘাটন করা হবে।

মাওলার পিতা এখলাস আলী বলেন, তার ৪ সন্তানের মধ্যে একমাত্র ছেলে এই মাওলা। সে মায়ারবাড়ি থেকে আতলাপুর রোডে অটো চালিয়ে তাদের সংসার চালাত। গত বুধবার একইভাবে অটো নিয়ে বের হয়ে নিখোঁজ হয় মাওলা। কেন কি কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে আমরা জানি না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।