অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাব এডিটর মনসুর আলীর (৩৩) লাশ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রী এলাকায় তার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ মনসুরের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। উল্লেখ্য, মনসুর আলী ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব এডিটর পদে যোগ দেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।
খিলগাঁও থানার এসআই রুহুল আমিন বলেন, মনসুর ও মনোজিত নামের দুই সাংবাদিক ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। গতকাল মনোজিত কাজ শেষে বাসায় এসে মনসুরের ঘরের দরজা বন্ধ দেখেন। এরপর তাকে ডাকাডাকি করে কোন সারা না পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে মনসুরের লাশ উদ্ধার করে।
জানা গেছে, মনসুরের বাবার নাম সমজ উদ্দিন। তার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়।