‘সরকারের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি’

সরকারের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতি, অদক্ষতা ও তাদের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি। শুধু পেঁয়াজই নয়, ঊর্ধ্বগতি এখন প্রত্যেকটি জিনিসপত্রের দামে। এ সরকার ব্যর্থ সরকার। তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, তাই তাদের কাছে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন, আমরা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে রয়েছি। খালেদা জিয়া কারাগারে রয়েছেন। তাকে মুক্ত করতে আমরা সব ধরনের আন্দোলনে মাঠে রয়েছি।

ইত্তেফাক/জেডএইচ