বড়োদের গ্রুপসেরা হওয়ার রাত

স্পোর্টস ডেস্ক

নিজ নিজ ম্যাচে জয় পেয়ে গ্রুপসেরা হয়েই ইউরো-২০২০ খেলা নিশ্চিত করেছে বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। গত শনিবার রাতে ইউরো বাছাইপর্বের অন্য ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেও মূলপর্বে খেলা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

শনিবার রাতে নিজেদের মাঠে ফিফা র্যাঙ্কিয়ের ৮০তম স্থানে থাকা বেলারুসের বিপক্ষে প্রথম গোলটা পেতে জার্মানদের অপেক্ষা করতে হয়েছে ৪১ মিনিট পর্যন্ত। তবে মাথিয়াস গিন্টারের গোলটির পরই রক্ষণের দুয়ার ধসে পরে সফরকারীদের। ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান লিওন গোরেত্স্কা। এরপর ৫৫ আর ৮৩ মিনিটে টনি ক্রুস জোড়াগোল করলে ৪-০ ব্যবধানের বড়ো জয় পায় দলটি। এর ফলে সাত ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে সি গ্রুপ থেকে ইউরোয় উত্তরণও নিশ্চিত করেছে জোয়াকিম লোর শিষ্যরা।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পর থেকে নেদারল্যান্ডস ফুটবলে অন্ধকার এক যুগই নেমে এসেছিল। পরের দুই বড়ো আসর ইউরো ও বিশ্বকাপে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিল ইয়োহান ক্রুইফের উত্তরসূরীরা। তবে কোচ রোনাল্ড কোম্যানের অধীনে তরুণ ডাচ দলটা সে যুগটাকে পেছনে ফেলারই ইঙ্গিত দিচ্ছেন।

ইউরো নেশন্স লিগের ফাইনালে খেলার পর এবার ইউরোর মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন ভার্জিল ফন ডাইকরা। শনিবার রাতে ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করে ইউরোর মূলপর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

‘আই’ গ্রুপ থেকে শীর্ষ দুই দল রাশিয়া আর বেলজিয়ামের মূলপর্ব নিশ্চিত ছিল আগেই। শুধু গ্রুপসেরা নিশ্চিতেরই অপেক্ষাটা ছিল। তাই শনিবার রাতে দুই দলের লড়াইটা হয়ে দাঁড়িয়েছিল অঘোষিত ফাইনাল। এমন মঞ্চে রাতটা নিজেদের করে নিয়েছেন হ্যাজার্ড ভ্রাতৃদ্বয়।

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে থর্গান হ্যাজার্ডের লক্ষ্যভেদে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় সফরকারী বেলজিয়ানরা। ৩৩ আর ৪০ মিনিটে এডেন হ্যাজার্ডের লক্ষ্যভেদ ম্যাচের সব অনিশ্চয়তা উড়িয়ে দেয়। ৭২ মিনিটে গোল করে রাশানদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন রোমেলু লুকাকু। ৭৯ মিনিটে স্বাগতিকরা ব্যবধান কমালেও ৪-১ গোলের জয় নিয়ে গ্রুপশ্রেষ্ঠত্ব নিশ্চিত করেন হ্যাজার্ডরা।

‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নিকোলা ভ্লাসিচ, ব্রুনো পেটকোভিচ আর ইভান পেরিসিচের লক্ষ্যভেদে ক্রোয়েশিয়া ৩-১ ব্যবধানে হারিয়েছে স্লোভাকিয়াকে। এই জয়ের ফলে আট ম্যাচ থেকে ১৭ পয়েন্ট অর্জন করায় গ্রুপসেরা হওয়া নিশ্চিত হয়ে গেছে দলটির।