স্পোর্টস ডেস্ক
শেষ কিছুদিনে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে কানাঘুষা হয়েছে বেশ। তবে সেসব উড়িয়ে দিয়েছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক এরিক আবিদাল। জানালেন আর্জেন্টাইন তারকার নতুন চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে দুই পক্ষের।
বার্সেলোনায় খেলে ক্যারিয়ারের ১৮টি বছর কাটিয়েছেন মেসি। ২০০৫ সালে ক্লাবটির মূল দলে চুক্তিবদ্ধ হবার পর আরো আটবার চুক্তি নবায়ন করেছেন তিনি। তবে মাস তিনেক আগে তার চুক্তির একটি ধারা সংবাদমাধ্যমে প্রচার পেলে তার ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠে। প্রতি মৌসুম শেষে মেসি চাইলে কোনো প্রকারের ট্রান্সফার ফি ছাড়াই দল ছাড়তে পারবেন, এমনটাই ছিল মেসির সর্বশেষ চুক্তির উল্লেখ্য ধারাটি।
ফিফা বর্ষসেরা এই খেলোয়াড় বর্তমানে বার্সার সঙ্গে ২০২১ মৌসুম পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন। ২০১৭ সালের নভেম্বরে করা সর্বশেষ চুক্তি অনুযায়ী সপ্তাহে ৫ লাখ ৮০ হাজার ইউরো আয় করেন। যার ফলে তিনি বনে গেছেন লা লিগার সর্বোচ্চ আয় করা খেলোয়াড়। চুক্তি অনুযায়ী তার দলবদল মূল্য বেড়ে দাঁড়ায় ৭০০ মিলিয়ন ইউরোতে।
আবিদালের আশা, খুব সহসাই স্বাক্ষরিত হবে নতুন চুক্তি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে তিনি বলেন, ‘ইতিমধ্যেই নতুন চুক্তির জন্য আলোচনা শুরু হয়ে গেছে। তবে ব্যাপারটা খেলোয়াড়ের ইচ্ছার ওপর নির্ভর করছে। কিন্তু ক্লাবের পক্ষ থেকে আমি আশা করি খুব সহসাই এটা স্বাক্ষরিত হবে।’
তবে ঠিক কবেনাগাদ মেসিকে নতুন করে চুক্তিবদ্ধ করবে ক্লাবটি সে ব্যাপারে কিছু বলেননি আবিদাল, ‘এটা যখন হবে তখনই আপনারা জানতে পারবেন। কিন্তু এ ব্যাপারে আমি বেশ ইতিবাচক।’