ফেদেরার-সিটসিপাসের কীর্তি

৩৭ বছর বয়সি রজার ফেদেরার টেনিস বিশ্বেরই অন্যতম বয়স্ক খেলোয়াড়। আর ২১ বছর বয়সি গ্রিক প্রতিপক্ষ স্টেফানোস সিটসিপাস তার ক্যারিয়ার শুরু করলেন এই সেদিন। দুজনে যখন এটিপি ফাইনালসের সেমিফাইনালে মুখোমুখি হলেন, অনন্য একটা কীর্তিও গড়া হয়ে গেল। দুই প্রতিদ্বন্দ্বীর বয়সের পার্থক্য ১৬ বছর। দুই প্রতিদ্বন্দ্বীর এত বেশি বয়সের পার্থক্য আর কখনোই দেখেনি এটিপি ফাইনালস। তবে এমন কীর্তি গড়ার পর ফেদেরারকে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সিটসিপাস। এতে করে টেনিসের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্টটি দেখছে আরেকটা বিরল ঘটনাও। ২০০২ সালের পর ফেদেরার, রাফায়েল নাদাল কিংবা নোভাক জকোভিচদের কাউকে ছাড়া এটি মাত্র তৃতীয় ফাইনাল। ফাইনালে ডমিনিক থিয়েমের বিপক্ষে খেলবেন গ্রিক এই খেলোয়াড়।