বড়ো স্কোরের পথে খুলনা ও রাজশাহী

জাতীয় লিগ

প্রথম স্তর

স্পোর্টস রিপোর্টার

প্রথম স্তরের দুটি খেলার চিত্র দ্বিতীয় দিন শেষে মোটামুটি একই। জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের প্রথম ইনিংসে আগে ব্যাট করা দল মাঝারি স্কোর করেছে। জবাবে প্রথম ইনিংসে বড়ো স্কোরের পথে আছে রাজশাহী ও খুলনা বিভাগ।

রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাট করা রংপুর অলআউট হয়েছিল ২৭৪ রানে। জবাবে গতকাল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৫ উইকেটে ২২৪ রান তুলেছে রাজশাহী। এই স্তরের অন্য ম্যাচে আগে ব্যাট করা ঢাকা বিভাগ ২৭৯ রানে অলআউট হয়েছিল। জবাবে খুলনা ৩ উইকেটে ২৫২ রান করেছে গতকাল পর্যন্ত।

১১ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর রংপুরকে খেলায় রাখেন সেঞ্চুরিয়ান সোহরাওয়ার্দী শুভ। তার সঙ্গে আরিফুল ৫৭ ও অধিনায়ক নাঈম ইসলাম ৪০ রানের ইনিংস খেলেন।

জবাবে রাজশাহীও দ্রুত প্রথম উইকেট হারায়। কিন্তু অভিষেক মিত্র ও জুনায়েদ দলকে ভালো অবস্থানে নিয়ে যান। এরপর দলটি ইনিংস বড়ো করে মূলত অধিনায়ক ফরহাদ হোসেনের ব্যাটে ভর করে। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৭৫ রানের ইনিংস খেলেছেন। খুলনায় আগে ব্যাট করা ঢাকা বিভাগ অলআউট হয়েছিল ২৭৯ রানে। সেঞ্চুরি করেছিলেন তাইবুর রহমান। সঙ্গে অধিনায়ক শুভাগত ৬০ রানের ইনিংস খেলেন। খুলনার হয়ে হালিম ৫ উইকেট শিকার করেন। সঙ্গে জিয়াউর নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে খুলনার টপ অর্ডারের সবাই রান পেয়েছেন। ৮২ রানের উদ্বোধনী জুটি করেন রবি ও এনামুল হক বিজয়। রবি ৪৫ ও বিজয় ৫০ রান করে আউট হন। অমিত মজুমদার ২১ রানে আউট হন। এরপর দলকে দারুণভাবে টেনে নিয়ে চলছেন তুষার ইমরান ও নুরুল হাসান সোহান। তুষার ৭৫ রানে ও সোহান ৫৬ রানে ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর :

রংপুর-রাজশাহী :

রংপুর-১ম ইনিংস : ৮৯.৪ ওভারে ২৭৪/১০ (সোহরাওয়ার্দী শুভ ১০৫, আরিফুল ৫৭, নাঈম ইসলাম ৪০, তানভির ৩০; দেলোয়ার ৪/৫৯, মোহর ৩/৫৩, মুক্তার ২/৮০)।

রাজশাহী-১ম ইনিংস: ৭৭ ওভারে ২২৪/৫ (ফরহাদ হোসেন ৭৫, অভিষেক ৬৭, জুনায়েদ ৩৭, সাব্বির ব্যাটিং ২২; আরিফুল ৩/৩৭)।

ঢাকা বিভাগ—খুলনা :

ঢাকা বিভাগ-১ম ইনিংস : ৯৩.১ ওভারে ২৭৯/১০ (তাইবুর ১১০, মজিদ ৬৬, শুভাগত ৬০, রকিবুল ২৪; হালিম ৫/২৭, জিয়াউর ৪/২৪)।

খুলনা বিভাগ-১ম ইনিংস : ৮৪ ওভারে ২৫২/৩ (তুষার ব্যাটিং ৭৫, সোহান ব্যাটিং ৫৬, বিজয় ৫০, রবি ৪৫, অমিত ২১; শুভাগত ২/২৫)।