কর প্রদান নৈতিক দায়িত্ব
—এনবিআর চেয়ারম্যান
g নরসিংদী প্রতিনিধি
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভুঁইয়া বলেছেন, কর প্রদান করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। যদি কেউ কর প্রদান না করেন তাহলে তা হবে চরম অন্যায়। অতীতের চেয়ে মানুষ বেশি কর দিচ্ছে। গত ৩ বছরে নরসিংদীতে করদাতার সংখ্যা ১৬ হাজার থেকে বেড়ে বর্তমানে ২৫ হাজারে পৌঁছেছে। গতকাল রবিবারই নরসিংদীতে ১ হাজার করদাতা তাদের কর পরিশোধ করেছে। রবিবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়কর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন ভুঁইয়া এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ১০ কর অঞ্চলের কর্মকর্তা আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান মো. সফর আলী ভুঁইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, সহকারী পুলিশ সুপার মো. জাকির হাসান প্রমুখ।