শ্যামলেন্দু পাল, নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় গৃহস্থালির কাজে প্লাস্টিক সামগ্রীর কদর থাকলেও এখনো পরিবেশবান্ধব বাঁশের তৈরি দ্রব্যাদির কদর কমেনি। জেলার সাপ্তাহিক হাটবাজারগুলোতে এসব দ্রব্যাদি বিক্রি হচ্ছে। বিশেষ করে ধারি বা চাটাই, ধুচন, ঢাকি, কোলা, খুচি, চালুন, মোড়া, ডুলি, হাতপাখা, খাঁচাসহ বাঁশের তৈরি নানান দ্রব্যসামগ্রী বিক্রি হচ্ছে প্রতিদিন। শহরের বাজারেও এসব দ্রব্য পাওয়া যায়। শহরে বাঁশের তৈরি যেসব দ্রব্য বেশি বিক্রি হয় তার মধ্যে রয়েছে কোলা, চালুন, ধারি বা চাটাই এবং ঢাকি।
নেত্রকোনা শহরের বড়বাজারে বিক্রি করতে আসা সেলিম মিয়া বলেন, বাঁশের সংকট হওয়ায় এসব দ্রব্য তৈরি করতে এখন সমস্যা হচ্ছে। বাঁশ যাও পাওয়া যায়, তার মূল্যও চড়া। এরপরেও কদর থাকায় এবং তাদের জীবিকা নির্বাহের একটি পথ হওয়ায় তারা এখনো এগুলো তৈরি করেন এবং হাটবাজারে বিক্রি করে চলেছেন বলে জানান। নেত্রকোনার প্রবীণ চিকিত্সক ও সমাজ সেবক এম এ হামিদ খান বলেন, পরিবেশবান্ধব বাঁশ-বেতের তৈরি তৈজসপত্র এখানো আমাদের ঐতিহ্য। এগুলো আমরা গৃহস্থালির কাজে ব্যবহার করি। এগুলোকে টিকিয়ে রাখতে হবে। এজন্য বাঁশের আবাদ বৃদ্ধি করতে হবে। জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, জেলায় বাঁশের আবাদ বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সরকার এখন প্লাস্টিক সামগ্রী ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়ায় বাঁশের তৈরি দ্রব্যাদির কদর আবার বাড়বে।