রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়ার বিলগুলো পাকা আমনের সোনালি আভায় আলোকিত হয়ে উঠেছে। এবার উপজেলায় আমনের ফলন ভালো হওয়ায় খুশিতে আছেন কৃষকরা। গুমাই ও তৈলিয়াভাঙ্গা বিল ছাড়াও উপজেলার রাজানগর, হোসনাবাদ, পদুয়া, সরফভাটা, পারুয়া, পোমরা, মরিয়মনগর, চন্দ্রঘোনা, রাঙ্গুনিয়া হোসনাবাদ, লালানগর ও দক্ষিণ রাঙ্গুনিয়া ইউনিয়নের বিভিন্ন বিলে সবুজের আবহ পেরিয়ে পাকা আমন সোনালি হাসির শোভা ধারণ করছে। শিলক তৈলিয়াভাঙ্গা বিলের কৃষক আব্দুল গনি, আব্দুর রহমান, ফজর আলী, আব্দুল সালাম, মোহাম্মদ ইউনুচসহ অনেকে জানান, পর্যাপ্ত বৃষ্টি এবং অনুকূল প্রাকৃতিক পরিবেশে এবারের আমন চাষাবাদে ফলন ভালো হয়েছে। কার্তিকে ক্ষতিকর প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে সোনালি ধান গোলায় তোলার এখন অনুকূল প্রকৃতি।
গুমাই বিলের কৃষক চন্দ্রঘোনা ফকিরপাড়া গ্রামের মুসা সিকদার জানান, বৃহত্তম গুমাই বিলে আমনের উত্পাদনে এবারও সাফল্য এসেছে। এরই মধ্যে গুমাই বিলের কোথাও কোথাও পাকা আমন ধান কাটা শুরু হয়েছে। কোদালা, শিলক, সরফভাটা, উত্তর ও দক্ষিণ রাঙ্গুনিয়ার বিভিন্ন বিলে আমন কাটা চলছে। কৃষকের ঘরে ঘরে শুরু হয়েছে নবান্নের উত্সব। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আকতার জানান, গুমাইসহ রাঙ্গুনিয়ার সবগুলো বিলে এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উত্পাদন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।