পরশুরাম (ফেনী) সংবাদদাতা
ফেনীতে সম্প্র্রীতি বাংলাদেশের আয়োজনে ‘সম্প্রীতি সংলাপ’ ও সেমিনার শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী। প্রধান বক্তা ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক নাট্য ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়।
ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মো. নাসিরউদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য ড. বিমান চন্দ্র বড়ুয়া, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম প্রমুখ। ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ফেনীকে সবাই ভালোবাসেন। আমরা যেন চিনাতে পারি ফেনী অসাম্প্রদায়িক একটা শহর।
সম্প্র্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ধর্মীয় সংখ্যালঘুদের সংগঠন হতে চাই না। আমরা সবার সম্মিলিতভাবে সংগঠন হতে চাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। সেটার সুফলও পেয়েছি।
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের সকল ধর্মের লোক অংশগ্রহণ করায় মাত্র ৯ মাসে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নয়, বঙ্গবন্ধু সারা বাঙালি জাতির। শুধু অসাম্প্রদায়িক চেতনাকে নস্যাত্ করার জন্য একটা কুচক্রী মহল একত্রিত হয়েছে। বাংলাদেশের শান্তিকে কিভাবে নস্যাত্ করা যায়।