স্টাফ রিপোর্টার, বগুড়া
একদিন বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে বগুড়ার ছয়টি রুটে আবার বাস চলাচল শুরু হয়েছে। নতুন আইন প্রয়োগের ক্ষেত্রে হয়রানি করা হবে না—এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে বগুড়ায় ছয়টি রুটে বাস চলাচল চালু করা হয়।
এ ব্যাপারে নওগাঁ বাস কাউন্টারের কর্মী সাইফুল ইসলাম জানান, পরিবহন মালিক-শ্রমিক ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা কাজে এসেছেন।
বগুড়া-আক্কেলপুর রুটের বাসচালক আয়নুল ইসলাম জানান, তাদের বলা হয়েছে ২২ নভেম্বর পর্যন্ত কোনো হয়রানি করা হবে না। এজন্য তারা কাজে ফিরেছেন। তবে তিনি বলেন, ২২ নভেম্বরের পর আমাদের শ্রমিক ফেডারেশন নেতারা বসবেন। তারা কী সিদ্ধান্ত দেয় সেদিকে আমরা তাকিয়ে আছি। যদি নতুন আইন শিথিল করা না হয় তাহলে আমরা আবারও কাজ (গাড়ি চালানো) বন্ধ রাখব।
বগুড়া মোটরমালিক গ্রুপের সভাপতি শাহ আকতারুজ্জামান ডিউক জানান, শ্রমিকরা এক ধরনের ভীতি থেকে যান চলাচল বন্ধ রেখেছিল। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হয়রানি না করার আশ্বাস দেওয়াতে তারা কাজে ফিরেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, যারা নবায়নের জন্য কাগজপত্র বিআরটিএ অফিসে জমা দিয়েছেন তাদের কাগজপত্রগুলো কাছে রাখতে বলা হয়েছে। যারা কাগজপত্র দেখাবেন তাদের কোনো ভয় নেই। এটা আমরা বলে দিয়েছি এবং তাতে পরিবহন মালিক-শ্রমিক উভয়পক্ষই সন্তুষ্ট হয়েছেন।