স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর বাগমারায় ছেলের বিরুদ্ধে বাবাকে ঘরে তালাবদ্ধ করে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধ বাবা ঐ ঘরের দরজা ভেঙে পালিয়ে রক্ষা পেলেও আগুনে ঘর ও মালামাল পুড়ে গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার তিন ঘণ্টা পরই এলাকাবাসী স্থানীয় পানবরজে আত্মগোপনে থাকা ছেলে মিঠুন কুমারকে ধরে পুলিশে দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা বটকৃষ্ণ বাদী হয়ে ছেলের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেছেন।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বাড়িতে আগুন দেওয়া ও হত্যা চেষ্টার অভিযোগে রাতেই বটকৃষ্ণ বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঐ মামলায় মিঠুনকে গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মিঠুনের বাবা অভিযোগ করেন, তার ছেলে মাদকাসক্ত ও বখাটে। গোপনে ঢাকা থেকে এসে তাকে ঘরে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে।