বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
উপজেলার বটিয়াঘাটা বাজার চৌরাস্তা মোড়ে দুর্গামন্দিরের পেছনের দেওয়াল ভেঙে নদীতে পড়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে মন্দিরের দেওয়ালে ফাটল ধরে। গত কয়েক দিন কাজিবাচা নদীর পানি বৃদ্ধি পায়। স্রোত এবং ঢেউয়ের আঘাতে রবিবার দেওয়াল ভেঙে পড়ে। মাত্র কয়েক দিন আগে মন্দিরটি রক্ষার জন্য পাকা দেওয়াল দেওয়া হয়। মন্দিরটি বাজার রক্ষা বাঁধের ওপর অবস্থিত।
দ্রুত মন্দির রক্ষার ব্যবস্থা না নিলে বাজার রক্ষা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান বলেন, মন্দিরটি রক্ষার জন্য পরিষদ থেকে দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কাজ শেষ না হতেই ঝড়ের আঘাতে দেওয়াল ভেঙে পড়ে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।