দিনাজপুরের হিলি-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দিনাজপুরের হিলি-বগুড়া রুটে শনিবার থেকে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে চালকরা। পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে যাত্রীরা। তবে হিলি-দিনাজপুর ও হিলি-জয়পুরহাট রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আন্দোলনকারী বাসচালকরা বলেন, আমরা ঝুঁকি নিয়ে বাস চালিয়ে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেই। ইচ্ছা করে কেউ দুর্ঘটনা ঘটায় না বা কাউকে চাপা দেয় না। সড়কে রিকশাভ্যান, অটোরিকশা ও সিএনজিচালক ডান-বাম বোঝে না। এই কারণেই দুর্ঘটনা ঘটে। কিন্তু নতুন পরিবহন আইনে কোনো কারণেই দুর্ঘটনায় কেউ মারা গেলে চালকদের মৃত্যুদণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। বাস চালিয়ে আমরা জেলখানায় যেতে চাই না। এই কারণেই নতুন পরিবহন আইন সংস্কারের দাবি জানান তারা। নইলে তারা বাস চালাবেন না বলে হিলি পরিবহন শ্রমিক নেতা ইমরান হোসেন জানান।

এদিকে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের হাকিমপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন বলেন, এটি সংগঠনের কোনো কর্মসূচি নয়। চালকরা নিজেরাই গাড়ি চালাতে বিরত রয়েছেন।