নিখোঁজের চার দিন পর সেপটিক ট্যাংকে মিলল কিশোরের লাশ

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কলোনিতে (ডিটাইপ) সেপটিক ট্যাংক থেকে মো. রনি (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোর শারীরিক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ছিল। নিখোঁজের চার দিন পর গতকাল রবিবার সেখান থেকে রনির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সেপটিক ট্যাংকে ছেলের লাশ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রনির মা সুকুরি বেগমসহ আত্মীয়স্বজনরা।

রনির পরিবার ও কলোনির বাসিন্দারা বলছেন, সরকারি এই কলোনি দেখভালের দায়িত্ব মিরপুর গণপূর্ত উপবিভাগ-৩ এর। প্রায় চার মাস ধরে রাস্তার পাশে সেপটিক ট্যাংকটির ঢাকনা খোলা থাকলেও এই বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি। তাদের গাফিলতির কারণেই রনির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

নাম প্রকাশ না করার শর্তে ঐ কোয়ার্টারের কয়েকজন নারী বাসিন্দা বলেন, তারা প্রায় চার মাস ধরে ঢাকনা খোলা অবস্থায় দেখছেন ট্যাংকটির। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রোকেয়া জানান, গত আগস্টের শুরুতে মশা নিধনের ওষুধ ছিটানোর সময় তিনি ঐ ঢাকনা খোলা অবস্থায় দেখেন। সেই থেকেই সেটি খোলা ছিল। রনির পারিবারিক সূত্র জানায়, রনির বাবার নাম মৃত জহির। রনি কল্যাণপুর পোড়া বস্তিতে মা ও ভাইদের সঙ্গে থাকত। সে শারীরিক প্রতিবন্ধী। কোনোরকম হাঁটাচলা করতে পারত। গত বুধবার সন্ধ্যায় সে বাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

পুলিশ জানিয়েছে, গতকাল ১১টার দিকে শিশুদের জটলা দেখে কলোনির এক নিরাপত্তাকর্মী ছুটে এসে লাঠি দিয়ে নাড়িয়ে মানুষের লাশ নিশ্চিত হয়। খবর দেওয়া হয় মিরপুর থানা পুলিশকে।