বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বেশির ভাগ বড়ো নেতাই হচ্ছেন দলছুট। গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অন্য দল করতেন। রিজভী আহমেদও ছাত্রজীবনে অন্য দল করতেন। মওদুদ আহমদ সব দল করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তারা সবাই দলছুট নেতা।’
মওলানা ভাসানীর অনুসারীরা বেশির ভাগই আদর্শ ত্যাগ করে অন্য দলে চলে গেছেন—এমন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির বড়ো বড়ো নেতা অনেকেই মওলানা ভাসানীর অনুসারী ছিলেন। যেখানে মওলানা ভাসানীর ক্ষমতার জন্য কোনো লোভ ছিল না, তার কিছু অনুসারীর এরকম অধঃপতন সত্যি আমাদের পীড়া দেয়।
বিএনপি পেঁয়াজের মধ্যে আশ্রয় নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দলছুট নেতারা কয়েকদিন ধরে নানা কথা বলছেন। মির্জা ফখরুল বলেছেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে তারা সোমবার সারাদেশে বিক্ষোভ করবেন। আমি তাকে ধন্যবাদ জানাই, শেষ পর্যন্ত তাদের রাজনীতি খালেদা জিয়ার কোমর আর হাঁটুব্যথা থেকে বের করে এনে পেঁয়াজের মধ্যে আশ্রয় নিয়েছে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের এই উচ্চমূল্য থাকবে না।’
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ভাসানী ঐক্যজোটের সভাপতি এম এ ভাসানী প্রমুখ।