ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর আদাবরের বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধারের পর তার স্বামীকে খুঁজছে পুলিশ। আদাবর থানার ওসি কাজি শাহিদুজ্জামান বলেন, নাসিমা বেগম ওরফে হাসিনা (৪০) নামের ঐ নারীকে তার স্বামী ডাবলু হাওলাদার রানা ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
গতকাল রবিবার সকালে আদাবর ১০ নম্বর রোডের ঐ বাসার একটি কক্ষ থেকে হাসিনার লাশ উদ্ধার করা হয়। শনিবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রানা স্থানীয় একটি দোকানে দর্জির কাজ করেন। রাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এক ঘরেই ঘুমিয়েছিলেন তিনি। ওসি শাহিদুজ্জামান বলেন, সকালে মায়ের ঘুম না ভাঙায় ডাকাডাকি শুরু করে বাচ্চারা। তাদের বাবা তখন ঘরে ছিলেন না। মায়ের সাড়া না পেয়ে তারা কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এসে হাসিনাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর থেকে রানা পলাতক জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, হাসিনার প্রথম স্বামী মারা যাওয়ার পর প্রায় চার বছর আগে রানার সঙ্গে তার বিয়ে হয়। আমরা রানাকে গ্রেফতারের চেষ্টা করছি।