বিশেষ প্রতিনিধি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চালকদের সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাগণকে বিকাল ৩টার মধ্যে এবং অন্য অতিথিগণকে বিকাল সোয়া ৩টার মধ্যে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।