বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধির বিষয়টি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে অপ্রত্যাশিতভাবে পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ বাদী হয়ে গতকাল রবিবার এই রিট করেন। রিট আবেদনটি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে শুনানির জন্য পেশ করা হয়। এক সপ্তাহ পর এটি কার্যতালিকায় আসতে পারে।