জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশে রাজনৈতিক শূন্যতা ও সামাজিক অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় সাধারণ মানুষ জাপাকেই দেশের বিকল্প শক্তি হিসেবে মনে করে। কারণ, জাপার দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তৃণমূল পর্যায়ে জাপার সমর্থকগোষ্ঠী রয়েছে। দেশের মানুষ মনে করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত দেশ পরিচালনার সামর্থ্য একমাত্র জাপারই রয়েছে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষ্যে গতকাল রবিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় তিনি একথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এমপি। তিনি ৭ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠেয় স্বেচ্ছাসেবক পার্টির জাতীয় সম্মেলন সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব বেলাল হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন—জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম-দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, স্বেচ্ছাসেবক পার্টির নেতা আবু সাঈদ স্বপন প্রমুখ।
অধ্যাপক দেলোয়ার গুরুতর অসুস্থ
জাপার প্রেসিডিয়ামের প্রবীণ সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান গুরুতর অসুস্থ। গতকাল সকালে তাকে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. মহসিন আহমদের তত্ত্বাবধানে তিনি চিকিত্সাধীন। দ্রুত আরোগ্য কামনায় তার স্ত্রী সবার দোয়া কামনা করেছেন।