চাল নিয়ে কেলেঙ্কারির আশঙ্কা নেই :খাদ্যমন্ত্রী

চালের দাম নিয়ে পেঁয়াজের মতো কেলেঙ্কারির আশঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বর্তমানে আমাদের গুদামে চালের যথেষ্ট মজুত রয়েছে। তাই চিন্তার কোনো কারণ নেই। গতকাল রবিবার রাজধানীর খাদ্য অধিদপ্তরে চালকল মালিকদের সঙ্গে সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম যাতে আর না বাড়ে সে ব্যাপারে চালকল মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই সরু চালের ভাত খাচ্ছে, তাই এই চালের ধানের দাম বেড়েছে। ধানের দাম বাড়ায় চালের দাম কিছুটা বেড়েছে। আমরা তো চাচ্ছিলামও ধানের দামটা বাড়ুক। কারণ, ধানের দাম বাড়ায় দামটা কৃষক পাচ্ছে। সম্প্রতি চালের দাম বাড়ার ব্যাখ্যা নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যখন ৫০০ থেকে ৭০০ টাকা ধানের দাম ছিল। তখন চালের দাম ছিল ৪০ থেকে ৪৪ টাকা। এখন সেই ধান কৃষক ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করছে। ফলে চালের দাম বেড়েছে। তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের কষ্ট হলো, কৃষক দাম না পেলেও যেমন আমাদের কষ্ট, তেমনটি ভোক্তাদের চালের দাম যখন বেড়ে যায়, তখনও কষ্ট হয়। এখন আমন কাটা শুরু হয়েছে। নতুন ধান উঠবে। তাই চালের দাম আর বাড়বে না।

সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোছাম্মত্ নাজমানারা খানমসহ মিল মালিকরা উপস্থিত ছিলেন।