পুকুরে ভাসছিল নবজাতকের মরদেহ

রাজধানীর খিলগাঁও এলাকার নন্দীপাড়ার একটি পুকুর থেকে একদিন বয়সি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে স্থানীয়রা ছেলে নবজাতকটির মরদেহ ভাসতে দেখে থানায় জানান। সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম বলেন, পুকুরের মালিক শহীদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আনুমানিক একদিন বয়সি শিশুর মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় কেউ শিশুটিকে পুকুরে ফেলে গিয়েছিল। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত মৃত শিশুটির স্বজনদের কাউকে পাওয়া যায়নি। কেউ শিশুটি নিজের বলেও দাবি করেননি।