মিরপুরে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু

রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনে কাভার্ডভ্যান চাপায় হাফেজ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে এই ঘটনা ঘটে। পরে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠায় পুলিশ। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, হাফেজ মিরপুর-১ ঝিলপাড় বস্তিতে মা পাখি আক্তারের সঙ্গে থাকত। পাখি বস্তিতে পিঠা বিক্রি করেন। সকালে বস্তির পাশে কমার্স কলেজের সামনে মিল্কভিটার একটি কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই হাফেজের মৃত্যু হয়। পরে কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও পালিয়ে যান এর চালক। এ ঘটনায় স্থানীয় লোকজন কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। চালককে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে ওসি জানান।