সৌদি কোম্পানি আরামকোর দাম দেড় লাখ কোটি ডলার ছাড়িয়েছে

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো শেয়ার বিক্রির জন্য তাদের যে প্রাথমিক মূল্যায়ন করেছে, তাতে আইপিওর মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার কোটি ডলার। আরামকো হচ্ছে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি। বলা হচ্ছে, এটাই হতে পারে পৃথিবীর সবচেয়ে বড়ো শেয়ার বিক্রির উদ্যোগ। আরামকো তাদের ১ দশমিক ৫ শতাংশ শেয়ার বিক্রি করে ২ হাজার ৫০০ কোটি ডলার আয় করতে চাইছে এবং এই শেয়ার বিক্রির প্রাথমিক তথ্য দিয়ে একটি প্রসপেক্টাস বের করা হয়েছে। এতে প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ৩০ থেকে ৩২ রিয়াল অর্থাত্ ৮ থেকে সাড়ে ৮ মার্কিন ডলার। খুচরা বিনিয়োগকারী ব্যক্তি থেকে শুরু করে বড়ো বড়ো প্রতিষ্ঠানও এ শেয়ার কেনার সুযোগ পাবে। প্রসপেক্টাসে বলা হয়, সৌদি আরবের রাস্তার লোক বা বিধবা মহিলাও এ শেয়ার কিনতে পারবে এবং এই প্রথম স্থানীয় লোকেরা দেশটির সবচেয়ে ধনী কোম্পানির অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে শেয়ার কেনার সুযোগ এখনো উন্মুক্ত করা হচ্ছে না। —বিবিসি