ইউনেস্কো ঢাকা দপ্তর এবং এর পার্টনারেরা সমন্বিতভাবে ‘কালারস অব বাংলাদেশ’ শিরোনাম ও থিমে একটি আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছে। গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে কোরিয়ান অ্যাম্বাসির ডেপুটি চিফ অব মিশন কিম চেল-স্যাং, ইউনেস্কো ঢাকা দপ্তরের এডুকেশন স্পেশালিস্ট মিস শুন লেই, প্রোগ্রাম অফিসার ফর কালচার মিস কিযি তাহনিন এবং ফটোগ্রাফার প্রীত রেজার উপস্থিতিতে এই আয়োজনের উদ্বোধন করা হয়। ইউনেস্কো ঢাকা দপ্তরপ্রধান বিয়াট্রিস কালডুন এই আয়োজনে সার্বিক সহায়তা করেছেন। এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত ছিল। এছাড়াও আয়োজনের তিনদিনই ছিল প্যানেল ডিসকাশন। এই আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর মাধ্যমে ইউনেস্কো আলোকচিত্র শিল্পকে একটি ভিজ্যুয়াল আর্ট এবং বাংলাদেশের সাংস্কৃতিক এবং সৃষ্টিশীল জগতের একটি অংশ হিসাবে আখ্যায়িত করেছে; এবং সেই লক্ষ্যেই বাংলাদেশের নবীন এবং পেশাজীবী আলোকচিত্রীদের এই মাধ্যমে সুযোগ করে দিয়েছে একে অন্যের সঙ্গে যোগাযোগের।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের সার্বিক সহযোগিতায়, কোরিয়া সরকারের সহায়তায় এবং প্রীত রেজা প্রোডাকশনসের সঙ্গে পার্টনারশিপে ইউনেস্কো ঢাকা দপ্তর এই আয়োজন করেছে। নবীন ও পেশাজীবী আলোকচিত্রীদের অংশগ্রহণে অনলাইনে একটি প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া আলোকচিত্র দিয়ে সেজেছিল এই প্রদর্শনী। প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন আলোকচিত্রী শফিকুল আলম কিরণ, মুনিরা মোরশেদ মুন্নী, প্রীত রেজা ও ফিলিপিনের আলোকচিত্রী ওয়াই নাভারোযা।