বিনোদন রিপোর্ট
কলকাতার নির্মাতা সৃজিতের সঙ্গে দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন। দেশের পাশাপাশি ভারতে গণমাধ্যমগুলোও এমন খবর প্রকাশ করেছেন কয়েকবার। তবে এর সত্যতা প্রতিবারই অস্বীকার করেছেন এই দুই তারকা। যদিও তাদের একসঙ্গে ছবি ও ঘুরতে যাওয়া সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। সম্প্রতি ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে এই দুই তারকার বিয়ের সংবাদ। খবরে জানা যায়, সৃজিত-মিথিলা বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে আগামী বছরের ২২ শে ফেব্রুয়ারি। মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। বিয়ের খবর চূড়ান্ত এখানেই করা হয়। যদিও বিয়ের প্রস্তাবের বিষয়টি অস্বীকার করেছেন সৃজিত।
এ বিষয়ে গণমাধ্যমে সৃজিত বলেন, ‘মিথিলার পরিবারের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। আমার তো নতুন করে তার পরিবারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই।’
চলতি বছরের মাঝামাঝি থেকেই সৃজিত-মিথিলাকে একসঙ্গে দেখা যায়। এরপর কলকাতার অনেকগুলো গণমাধ্যম খবর প্রকাশ করেছে সৃজিতের জীবনে নতুন কেউ এসেছে। নির্মাতা ঘনিষ্ঠ সূত্রে এই খবর ছড়ায় বলে জানা যায়। তবে তখনো বিষয়টি অস্বীকার করেন সৃজিত।
সৃজিতের সঙ্গে মিথিলার ঘনিষ্ঠতা দিনের পর দিন বাড়ে। বিভিন্ন পার্টিতেও এসকঙ্গে দেখা যায় তাদের। ‘এক যে ছিল রাজা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর একটি ব্যক্তিগত পার্টির আয়োজন করেন সৃজিত। সেখানে কাছের বন্ধুদের সঙ্গে মিথিলাকে পরিচয় করিয়ে দিয়েছেন সৃজিত। তারপর থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এমনকি গুঞ্জন বিয়ে পর্যন্ত গড়ায় এখন। মিথিলাও এই বিষয়টি এড়িয়ে যান কয়েকবার। সৃজিতকে নিজের ভালো বন্ধু বলেই দাবি মিথিলার।