নির্মাতা সাগর জাহান। অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা তিনি। বিশেষ দিবস ছাড়াও সারাবছর একক নাটক ও ধারাবাহিক নাটক দিয়ে চলছে তার ব্যস্ততা। বর্তমানে অন্যান্য ব্যস্ততাতার পাশাপাশি প্রথম সিনেমা নিয়ে কাজ শুরু করেছেন তিনি। সার্বিক এই প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
বর্তমান কাজ প্রসঙ্গে জানতে চাই।
এখন নিয়মিত একক নাটক করছি। আজ (গতকাল) একুশে টিভিতে আমার একটি নাটক প্রচার হলো। সামনে আরো কয়েকটি কাজ করবো। আমাদের এখানে গল্প নিয়ে একটি সমালোচনা অনেকদিন ধরেই রয়েছে। সেই জায়গা থেকে আমার পরিকল্পনা নতুন গল্পকারদের নিয়ে কাজ করবো। যারা ভালো লেখেন তাদের গল্প নিয়ে কাজ করবো। নতুনদের গল্প নিয়ে এখন নিয়মিত কাজ করতে চাই। এরইমধ্যে দুজনের গল্প নিয়ে কাজ করেছি। সামনে আরো করতে যাচ্ছি।
আপনার নতুন ধারাবাহিক নাটক দর্শকরা কবে পাচ্ছেন?
পরিকল্পনা চলছে। এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি। দুটি ধারাবাহিক করবো। এরমধ্যে একটি নাটক বৃন্দাবন দাস হয়তো লিখবেন। আরেকটি এখনো ভাবিনি।
ইউটিউবের জনপ্রিয়তা শুরু পর এখন টিভির পাশাপাশি ইউটিউবের জন্যেও নাটক নির্মাণ হচ্ছে। ইউটিউব থেকে থেকে কি নাটকের লগ্নি উঠে আসে?
সেটি নির্ভর করে চ্যানেলের ওপর। তবে ইউটিউব আসার পর একটি সুবিধা প্রযোজকদের হয়েছে। চ্যানেলের নাটকগুলো এখন সব ইউটিউবেও প্রকাশ পায়। চ্যানেল থেকে প্রযোজক যদি তিন ভাগের দুই ভাগ পান আর ইউটিউবের রেভিন্যু শেয়ার পান সেক্ষেত্রে ভালো বাজেটের নাটকের লগ্নি ফেরত পাওয়া সম্ভব।
অনেকদিন ধরে সিনেমার নির্মাণের কথা চলছে আপনার। কবে নাগাদ সিনেমায় আপনার অভিষেক হবে?
আসরে সিনেমা অনেক বড় পরিসরের কাজ। হুট করেই সম্ভব নয়। বিশেষ করে আমাদের সিনেমার ব্যবসায়িক জায়গাটা এখন যেই পর্যায়ে রয়েছে সেখানে অনেক সমীকরণ করে একটি সিনেমা নির্মাণ করতে হয়। কারণ দিন শেষে যদি প্রযোজক তার লগ্নি ফেরত না পায় তাহলে সেও পরবর্তীতে একটি সিনেমা প্রযোজনা করবেন না। সুখবর হলো, আমি সিনেমার কাজ এরইমধ্যে শুরু করেছি। আগামী বছর আমার প্রথম সিনেমা মুক্তি পাবে এটুকু বলতে পারি। প্রথমে ভেবেছিলাম ‘আরমান ভাই’ গল্পটি বড়পর্দায় আনবো। তবে এখন পরিকল্পনা পাল্টেছি। চিত্রনাট্যের কাজ এরইমধ্যে শুরু করেছি। যেহেতু প্রথম সিনেমা তাই একটু সময় বেশি দিতে হচ্ছে। আর নাটকের মাধ্যমে আমার প্রতি দর্শকদের যেই আস্থা তৈরি হয়েছে। সেটি ধরে রাখতে চাই। দর্শকদের আমি হতাশ করতে চাই না।