বেহালায় বেজে যায়

আনিসুল হক

 

কেউ রাজা কেউ রানি কেউ রাজপুত্তুর,

আঁকাবাঁকা পথে পথে শুধু ঘুরঘুর।

বিশ্বের নেতাদের দায়হীন কাজ,

পৃথিবীকে নিয়ে যায় রসাতলে আজ।

বিজ্ঞান চেতনার থেকে ঢের দূর,

স্বার্থের সন্ধানে চলে ভাঙচুর।

কত কত সেমিনার, বক্তৃতা লম্বা,

মোড়লেরা দ্যান বটে উপহার রম্ভা!

 

উষ্ণতা বেড়ে বেড়ে পৃথিবীর জ্বর,

বন্যা বা খরা আসে, সুনামি বা ঝড়।

মেরু দেশে তাপে তাপে বরফের শেষ,

সাগরের উষ্ণতা ডোবাবে যে দেশ।

 

কলকারখানা চলে, মানুষের জয়,

প্রকৃতির সাথে যেন বিরোধ না হয়।

কার্বন গ্যাসগুলো করে কী যে তাণ্ডব,

সবকিছু হতে হবে পরিবেশবান্ধব।

 

পৃথিবী তো বাঁচবে না গোলাগুলি বোমাতে,

এসো আজ করি কাজ উষ্ণতা কমাতে।

দূরে কেউ আছ নাকি? হাত রেখো বাড়ানো,

পৃথিবীকে কিছুতেই যাবে না তো হারানো।

 

বেহালায় বেজে যায় কান্নার সুর,

হেসেখেলে চলে গেছে সময় প্রচুর।