খৈয়াছড়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে সেতু ভেঙে এক যুগেরও বেশি সময় ধরে ছড়ার পানিতে ডুবে রয়েছে। ভুক্তভোগী গ্রামবাসী নতুন সেতু নির্মাণে আবেদন জানিয়েছে অনেকবার। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন পাঁচটি গ্রামের হাজারো মানুষ। চলাচলের অযোগ্য এ সেতুটি মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল লতিফ ভূঁইয়া সড়কে অবস্থিত।
জানা গেছে, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে ১৯৮৮ সালে সেতুটি নির্মিত হয়েছিল। ২০০৫ সাল থেকে সেতুটি ভেঙে পানিতে ডুবে রয়েছে। সেতুটি চলাচলের পুরোপুরি অযোগ্য হওয়ায় জনবহুল আমবাড়িয়া এলাকার মানুষকে দুই-তিন কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে হয়।
এ বিষয়ে কথা হয় আমবাড়িয়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা শফি উল্ল্যাহ, ইকবাল কোরাইশি, শহিদুল ইসলাম, আনোয়ারুল আজিম বাবু, নুরনবী মোস্তফা ও মো. সুমনের সঙ্গে। তারা বলেন, এ সেতুর ওপর দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করতেন। দীর্ঘদিন সেতুটি চলাচলের অযোগ্য হওয়ায় এলাকার শিক্ষার্থী, সাধারণ মানুষ ও স্থানীয় কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদ ইকবাল চৌধুরী জানান, সেতুটির বিষয়ে তিনি অবগত রয়েছেন। এ শুষ্ক মৌসুমে পিআইওর অধীনে সেতুটির নির্মাণকাজ আরম্ভ হবে। মিরসরাই উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল্লাহ মজুমদার বলেন, এ সেতু নতুন করে নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মেসার্স অভিজিত্ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। অবিলম্বে সেতুটির নির্মাণকাজ আরম্ভ করার জন্য আমি ঠিকাদারকে বলে দিয়েছি।