কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
প্রতি বছরের মতো এবারও কালাইয়ে নবান্ন উত্সব উপলক্ষ্যে মাছের মেলা হয়েছে। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার সবচেয়ে বড়ো মাছের মেলা বসে উপজেলার পাঁচশিরা বাজারে। প্রতি বছরের অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পর নবান্ন উত্সব আয়োজন করেন উপজেলার সকল কৃষক। আর জেলা ও উপজেলায় তাদের আপনজন ও আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করেন। এদিকে নবান্ন উত্সব উপলক্ষ্যে উপজেলার পাঁচশিরা বাজারে মাছের মেলায় এলাকার মাছ ব্যবসায়ীরা আগের দিন থেকেই জেলা-উপজেলার বিভিন্ন পুকুর, নদী এবং হাওর থেকে নানা জাতের বড়ো বড়ো মাছ সংগ্রহ করে বিক্রি করেন। আর বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ উচ্চমূল্যে ঐসব মাছ কেনেন। এ বছর মেলায় রুই, কাতল, চিতল, বোয়াল, মৃগেল, সিলভারকাপ, পাঙ্গাস, ব্রিগেটসহ বিভিন্ন জাতের তিন থেকে ১৬ কেজি ওজনের মাছের সমাগম হয়েছে। মানভেদে এক একটি মাছ প্রায় ২ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে।
মেলায় মাছ বিক্রি করতে আসা হাসান ও জাহিদুল বলেন, একদিনের এই মাছের মেলায় বিভিন্ন পুকুর ও নদী থেকে নানা জাতের বড়ো বড়ো মাছ সংগ্রহ করে বিক্রি করি। এই মেলায় মাছ কিনতে আসেন বিভিন্ন এলাকা থেকে জামাই ও বিয়াইসহ এই এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ। মেলায় মাছ কিনতে আসা মুনীশ ও মহসিন বলেন, অন্য বছরের চাইতে এবার মাছের দাম একটু বেশি। তবে যাই হোক না কেন, দেখে-শুনে কয়েকটা মাছ কিনব।