বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বশেমুরবিপ্রবি সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবিরের সহকারী প্রক্টরের পদ স্থগিত করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ প্রদান করা হয়। ঐ আদেশে প্রভাষক মো. হুমায়ুন কবিরকে এ ব্যাপারে আগামী ৭ কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত বক্তব্য প্রদানের অনুরোধ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সহাকারী প্রক্টর মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক নেপালি ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল তদন্ত করছে। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের স্বার্থে তার সহকারী প্রক্টর পদটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ বলেন, ভারপ্রাপ্ত উপাচার্যের অনুমোদনক্রমে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবিরের সহকারী প্রক্টরের পদ স্থগিত করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, ঐ ছাত্রী আমার বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক যৌন নিপীড়নের অভিযোগ করেছে। নানা ষড়যন্ত্রে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি এ ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করেন।