চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে রবিবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। তার নাম আজিজ। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, গত শুক্রবার গরীবুল্লাহ হাউজিং সোসাইটি এলাকার এক বাসায় ডাকাতি হয়। ঐ ঘটনায় বাড়ির মালিক মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে ডাকাতির কাজে ব্যবহূত সিএনজি অটোরিকশাসহ চালককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার পুরাতন গির্জা এলাকার নবরত্ন জুয়েলার্সের মালিক দুর্জয় বণিককে ডাকাতির স্বর্ণালংকারসহ আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে মোহাম্মদ রফিক নামে আরো এক জনকে আটক করা হয়। পরে রফিককে জিজ্ঞাসাবাদ করলে আজিজ ডাকাতের কথা স্বীকার করে। এরপর তাকে ধরতে নগরীর ঢেবার পাড়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আজিজ ও তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পালটা গুলি চালায়। পরে আজিজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।