নোয়াখালী জেলা আওয়ামী লীগ
নোয়াখালী প্রতিনিধি
পাঁচ বছর পর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সকাল ১০টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা।
সম্মেলন সফল ও শান্তিপূর্ণভাবে শেষ করতে দলের জেলা কমিটির পাশাপাশি উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এ পদে অন্য কোনো প্রার্থীর নাম এখনো শোনা যাচ্ছে না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির পক্ষে তার সমর্থকরা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। একই পদে অন্য প্রার্থী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলের পক্ষেও তার সমর্থকরা প্রচারণায় মাঠে রয়েছেন।
এছাড়াও সাধারণ সম্পাদক পদে প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন।