সুনামগঞ্জে প্রথম দিন অনুপস্থিত ৩৮৪৩

প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে সমাপনী পরীক্ষা শুরু হয়। এবার সুনামগঞ্জ জেলায় ৫১ হাজার ১৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪৭ হাজার ৩৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। জেলার ১৮৭টি কেন্দ্রে ১ হাজার ৪৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় উপস্থিত ছিল ৪৩ হাজার ৭৫৪ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৯৩.০২ শতাংশ। অনুপস্থিত ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী। অন্যদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ হাজার ১৩৪ জন অংশ নিয়েছে। প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিল ৩ হাজার ৫৭৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩.৫০ শতাংশ। অনুপস্থিত ৫৫৮ জন শিক্ষার্থী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান বলেন, প্রথম দিনের সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দয়িত্বপ্রাপ্তরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরীক্ষা উপলক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। সমাপনী পরীক্ষা সংক্রান্ত সব তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে।