ব্রাহ্মণবাড়িয়ায় তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামে পৃথক তিন পরিবারের তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে ঐ তিন শিশুকে জেলা সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য ভর্তি করা হয়। তিন শিশু স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করে।

তিন শিশুর পরিবারের সদস্যরা জানান, যৌন নিপীড়ক ইমন (১৭) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ার পূর্ব পাড়ার শাহীন ভুঁইয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

রবিবার বিকেলে বাড়ির পাশে উঠানে খেলাধুলার সময় ৮ বছরের দুই শিশুকে পাশের বাড়িতে নিয়ে যায় ইমন। ঘরে ঐ দুই শিশুকে পর্যায়ক্রমে যৌন নিপীড়ন চালায়। পরে শিশুদের এক সহপাঠি প্রবেশ করে দেখে স্থানীয়দের জানালে তারা ইমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে যৌন নিপীড়নের বিষয়টি স্বীকার করে।

এর আগে শুক্রবার দুপুরে একই এলাকার ৯ বছরের এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ইমনের বিরুদ্ধে। ঐ শিশুর মা হাসপাতালে সাংবাদিকদের জানায়, তিনি বাড়িতে রান্না করছিলেন। শিশুটিকে পাশের দোকানে পাঠালে ইমন ফুসলিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে সে বাড়িতে এসে ঘটনাটি খুলে বলে। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন জানান, তিন শিশুর ডাক্তারি পরীক্ষা চলছে। রিপোর্ট পেলে বিস্তরিত জানা যাবে আসলে কী হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই নারায়ণ চন্দ্র দাস জানান, বিষয়টির তদন্ত চলছে।