বিসিকে শিল্প স্থাপন না হওয়া প্লট বাতিলের উদ্যোগ

ইত্তেফাক রিপোর্ট

বিসিকে শিল্প স্থাপনের জন্য প্লট পাওয়ার পর দীর্ঘদিনেও শিল্প স্থাপন না করায় বহু প্লট খালি পড়ে রয়েছে। ফলে ক্ষুদ্র ও কুটিরশিল্প স্থাপনে সরকারের নেওয়া উদ্যোগ প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। এ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা বিসিকের প্লটমালিকদের নামে বরাদ্দকৃত প্লটের অনুমোদন বাতিল করতে যাচ্ছে মন্ত্রণালয়। গতকাল কুষ্টিয়া বিসিক শিল্পনগরী পরিদর্শনকালে এ ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্লটমালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার কুষ্টিয়া বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে স্থানীয় শিল্পোদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি কুষ্টিয়া শিল্পনগরীর বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করতে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও শিল্পনগরী প্রশাসনের প্রতি নির্দেশনা দেন। তিনি বলেন, অন্যথায় বরাদ্দ বাতিল করে সংশ্লিষ্ট প্লটমালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কর্মসংস্থানের প্রচেষ্টা ব্যাহত হওয়ার মতো কোনো কাজ সরকার সহ্য করবে না। মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে ১ কোটি ২১ লাখ লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে শিল্পায়ন কার্যক্রম জোরদারের পাশাপাশি বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, এমআরএস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সামসুর রহমানসহ স্থানীয় শিল্পোদ্যোক্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, দেশে গুণগত শিল্পায়নের লক্ষ্যে সরকার দেশব্যাপী ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করছে। কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।