স্পোর্টস ডেস্ক
চলতি বছরের জাতীয় যুব আর্চারির শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। গত শনিবার শুরু হওয়া যুব আর্চারির তৃতীয় আসরে ৮টি স্বর্ণ এবং ৬টি করে রৌপ্য ও ব্রোঞ্জপদক মিলিয়ে ২০টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ১০৩ জন নিয়ে হওয়া দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় গত রবিবার শেষ দিনের খেলা অনুষ্ঠিত হয়। রানার্স-আপ তীরন্দাজ সংসদ জিতেছে ৯টি পদক। দুইটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ জিতেছে তারা। বাংলাদেশ আনসার ও ঢাকা আর্মি আর্চারি ক্লাব একটি করে স্বর্ণপদক জয় করেছে। এছাড়াও বিএএফ টাইগার কাবস দুইটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ এবং কোয়ান্টাম স্পোর্টিয়াম একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে।