লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমান হামলায় পাঁচ বাংলাদেশিসহ অন্তত সাত জন নিহত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপির খবরে এই তথ্য জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, গতকাল সোমবার ত্রিপোলিতে ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত একটি বিস্কুট কারখানায় হামলা হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা হচ্ছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুপাত্র মারৈক মার্সেত বলেন, নিহতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি ও দুই জন লিবীয়। এছাড়া হামলায় নাইজার ও বাংলাদেশের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পায়ে আঘাত পাওয়া কয়েকজনকে ব্যান্ডেজ পরিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।
গত এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে। যে কারণে প্রায়ই লিবিয়ায় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর এতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ।