সিলেটে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধাক্কির ফলে পুলিশের শটগান থেকে অসাবধানতাবশত দুই জন গুলিবিদ্ধ হয়েছে। আহত এক জনের নাম চন্দ্রকান্ত সিংহ। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত নারীর পরিচয় জানা যায়নি। সোমবার দুপুর ১টার দিকে নগরীর রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরো কয়েকজন আহত হন।
সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিতা আক্তার জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ পাঁচ জন করে ক্রেতাকে অডিটোরিয়ামের গেইট দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দিচ্ছিল। এর মধ্যে পেছন থেকে ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ বাঁধা দেয়। এ সময় লোড করা একটি শর্টগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার পর থেকে টিসিবির উদ্যোগে ৪৫ টাকা দরে রিকাবিবাজার পয়েন্টে পেঁয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু মানুষ ধৈর্য্যহারা হয়ে হঠাত্ ধাক্কাধাক্কি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে লাইন সাজাতে গেলে অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটি ঘটে।
এদিকে, সোমবার সকাল ১০টা থেকে নগরের কবি নজরুল অডিটোরিয়াম এলাকায় টিসিবি সিলেটের ইনচার্জ মো. ইসমাইল মজুমদার বলেন, সকাল থেকেই আমরা খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। আমাদের ডিলার সরকারের নির্ধারিত মূল্যে নগরের তিনটি পয়েন্টে তিনটি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে।